সাকিব আল হাসানের নামের পাশে তখন ৪ উইকেট। হ্যারি টেক্টরের বিপক্ষে বল করছিলেন। আয়ারল্যান্ডের ইনিংসে সেটা ছিল ষষ্ঠ ওভার। শেষ বলে লেগের দিকে উড়িয়ে মারার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলেন টেক্টর, স্টাম্পে বল লাগার শব্দটা শুনেই মাথা নিচু করে ড্রেসিংরুমের পথ ধরলেন। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়ে সাকিব বিশেষ কোনো উদ্যাপনই করলেন না! ডাগআউটে বসে দৃশ্যটা দেখছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তাঁর মুখে এক চিলতে হাসি, যার অর্থ হতে পারে —এটাই তো হওয়ার কথা ছিল!
বৃষ্টির কারণে ১৭ ওভারে কমিয়ে আনা ম্যাচটায় বাংলাদেশ যখন ৩ উইকেটে ২০২ রান করে ফেলে, তখনই আসলে ম্যাচের ফল অনুমান করাটা সহজ হয়ে গিয়েছিল। তাড়া করতে নেমে সাকিবের এক স্পেলেই এলোমেলো হয়ে যায় আয়ারল্যান্ড, প্রথম ৬ ওভারেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ম্যাচের ফল তখনই ঠিক হয়ে গিয়েছিল আসলে। ১৭ ওভার শেষে ৯ উইকেটে ১২৪ রান করতে পেরেছে আয়ারল্যান্ড। ৭৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।



0 মন্তব্যসমূহ